নবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ধারণের অভিযোগ,পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার
দিনাজপুরের নবাবগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা পর্নোগ্রাফি মামলায় ইমান আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের পত্নীচান (ডাঙ্গাপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমান আলী ওই গ্রামের নুরজ্জামানের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মা জানান, ইমান আলীর বিরুদ্ধে গত ৪ জুলাই ওই প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণের অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়, গত ৩০ জুলাই সকাল ১০টা ৫৮ মিনিটের দিকে ‘কলিজা’ নামের একটি ইমু আইডি ব্যবহার করে ওই নারীকে ফোন করেন ইমান আলী। ফোনে নিজেকে নারীর দেবর পরিচয় দিয়ে অশালীন কথাবার্তা বলার একপর্যায়ে তার গোপন ভিডিও ধারণের কথা জানান। পরে ভিডিওটি ওই নারীর মোবাইল ফোনে পাঠিয়ে নিজের পরিচয় প্রকাশ করেন তিনি।
এ ছাড়া ওই নারীকে কুপ্রস্তাব দেওয়া এবং ধারণ করা ভিডিও বিভিন্ন ব্যক্তির কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী মঙ্গলবার বাদী হয়ে নবাবগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২) ও ৮(৩) ধারায় মামলা করেন।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ইমান আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার যুবককে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
























