দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করল পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করে দিয়েছে সরকার। রবিবার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে তাদের দায়িত্ব নির্ধারণ করা হয়।
পরিপত্র অনুযায়ী, নবনিযুক্ত হুমায়ুন কবিরকে ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১’ এবং আগে থেকে দায়িত্ব পালন করে আসা শামা ওবায়েদ ইসলামকে ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২’হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা পররাষ্ট্রমন্ত্রীকে তার নির্দেশনা ও তত্ত্বাবধানে বিভিন্ন কার্যক্রমে সহায়তা করবেন।
পরিপত্রে বলা হয়েছে, প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশি-সংক্রান্ত বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্যান্য বিষয়ে কাজ করবেন।
অন্যদিকে, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন।
পরিপত্রে আরও বলা হয়েছে, ওপরের দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন রয়েছে।
এর ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্বের ক্ষেত্র পৃথকভাবে নির্ধারিত হলো।
























