মাটিরাঙ্গা আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, অভিভাবকদের দায়িত্ব ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।






















