সাতকানিয়ায় সিএমপির তালিকাভুক্ত ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহেদুল ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত দুষ্কৃতকারীদের মধ্যে শীর্ষে ছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা থাকার কথা উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। পরে তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন
জানা গেছে, চলতি বছরের ১৯ জানুয়ারি সাতকানিয়ার পুরানগড় এলাকায় সেনাবাহিনী ও যৌথ বাহিনীর অভিযানে জাহেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় তার কাছ থেকে ১০৪টি ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করা হয়।
পরে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় ফিরে আসেন। এর কয়েক মাসের মধ্যেই তাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটল।
শহরে প্রবেশে নিষেধাজ্ঞার তথ্য
জননিরাপত্তার স্বার্থে জাহেদুল ইসলামের চট্টগ্রাম শহরে প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তার হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, সেটিও তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
তানবীর জিহান















