মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজীপাড়ায় বিরাশি টিলা স: প্রা: বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল আক্তার নামে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী শামছুল আলম (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয় সূত্র ও শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে শিশুটি বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
শিশুটির ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় অভিযুক্ত শামছুল আলম দরজা ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করেন এবং তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন।
জানা যায়, শিশুটির মা তাকে ছোটবেলায় রেখে চলে যাওয়ার পর থেকে তার দাদি তাকে লালন-পালন করে আসছেন। অন্যদিকে, তার বাবা জীবিকার প্রয়োজনে চট্টগ্রামে একটি গার্মেন্টসে চাকরি করেন। ফলে বাড়িতে শিশুটি ও তার দাদি থাকতেন।
ঘটনার দিন শিশুটির দাদি মোল্লাবাজারে বিকাশের মাধ্যমে টাকা তুলতে গেলে শিশুটি বাড়িতে একা ছিল। এ সুযোগেই ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে, অভিযুক্ত শামছুল আলমের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। বাড়িটি তালাবদ্ধ রয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। অভিযুক্তের তিন সন্তান রয়েছে বলেও স্থানীয়ভাবে জানা গেছে।
তবে এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানা গেছে।
ঘটনাটি সম্পর্কে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।

























