শারদীয় দুর্গাপূজায় শেরপুর সীমান্তে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে শেরপুরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে জেলার সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম।
ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে শেরপুর সীমান্তের প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সীমান্ত দিয়ে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি পূজামণ্ডপ এবং আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার সীমান্তবর্তী বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিজিবি সদস্যরা। এ সময় মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
৩৯ ব্যাটালিয়ন ময়মনসিংহ বিজিবির সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজীদ বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক রয়েছে।
এদিকে, শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানিয়েছেন, এ বছর শেরপুর জেলা সদরসহ পাঁচটি উপজেলায় মোট ১৬৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসবটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও জানান, পূজামণ্ডপগুলোতে সরকারি সহায়তার পাশাপাশি শাড়ি ও জিআর চাল বিতরণের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা জোরদারে মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্টদের আশা, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগে শেরপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হবে।


























