ভোলার উপকূলে দুর্গাপূজায় কোস্ট গার্ডের নিরাপত্তা জোরদার, নজরদারিতে ৩৭১ মণ্ডপ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলাসহ উপকূলীয় এলাকায় ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দক্ষিণ জোনের অধীন ছয় জেলার ১৮টি উপজেলার উপকূলীয় অঞ্চলে ৩৭১টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন কোস্ট গার্ডের সদস্যরা।
শনিবার (১৭ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান এবং ধর্মীয় উপাসনালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দক্ষিণ জোনের আওতাধীন উপকূলীয় অঞ্চলের ৩৭১টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পূজা চলাকালে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে দায়িত্বপূর্ণ এলাকায় কোস্ট গার্ড সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে নিরাপত্তা জোরদারে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
এ ছাড়া প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে ব্রিফিং প্রদান করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশনস) লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান (এন), বিএন।
মোঃ সুলাইমান
ভোলা জেলা প্রতিনিধি


























