সুন্দরবন ছেড়ে লোকালয়ে বাঘ,পায়ের ছাপ দেখে গ্রামবাসী আতংতিক!
বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে রবিবার রাতে ঢুকে পড়ে একটি বাঘ। সোমবার সকালে ঘুম থেকে উঠে গ্রামবাসীরা বাঘের পায়ের ছাপ দেখে আতংকিত হয়ে পড়েন। লোকালয়ে বাঘ আসার বিষয়টি নিশ্চিত হয়ে বনরক্ষী ও সুন্দরবন সুরক্ষায় ভিটিআরটি সদস্যরা জনগনকে সচেতন করতে এলাকায় মাইকিং করা হচ্ছে। জনসাধারণকে সতর্কতার সাথে চলাচল ও রাতে ঘরের বাইরে বের না হতে বলা হয়েছে। বাঘটিকে সুন্দরবনে ফিরিয়ে নিতে লোকালয়ে তল্লাশি চালানো হচ্ছে। বাঘটি ভোলা নদী সাঁতরে সুন্দরবন থেকে লোকালয়ে চলে এসেছে বলে নিশ্চিত করেছে বন বিভাগ।
সুন্দরবন সুরক্ষায় ভিলেজ রেসপন্স টাইগার টিম (ভিটিআরটি) লিডার মো. জাকারিয়া হোসাইন জানান, সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের ভিটিআরটি সদস্য আ. লতিফ হাওলাদার সোমবার (১৯ অক্টোবর) সকালে তার বাড়ীর পেছনে ভোলা নদীর লোকালয় পাড়ে ঝোপের মধ্যে এবং নদীর চরে বিক্ষিপ্ত ভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পায়। আ. লতিফ বিষয়টি দ্রুত সুন্দরবন বিভাগ ও ভিটিআরটি সদস্যদের জানান। খবর পেয়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জকর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের নিয়ে সোনাতলা গ্রামে ঘটনাস্থলে যান। তারা আধা কিলোমিটার এলাকাজুড়ে বাঘ হাটার পায়ের চিহ্ন দেখতে পান। লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখে এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এই অবস্থায় বাঘটির বর্তমান অবস্থান নিশ্চিত হওয়াসহ সুন্দরবনে ফিরিয়ে নিতে চালানো হচ্ছে তল্লাশি। পাশাপাশি বন বিভাগের পক্ষ থেকে জনসাধারণকে সতর্কতার সাথে চলাচল ও রাতে ঘরের বাইরে বের না হতে এলাকায় মাইকিং করা হচ্ছে। বাঘটি লোকালয়ের কোন ঝোপঝাড়ে দিনের বেলায় লুকিয়ে রয়েছে, নাকি সুন্দরবনে ফিরে গেছে তা নিশ্চিত হতে বনরক্ষী, কমিউনিটি পেট্রলিং গ্রুপ ও ভিটিআরটি সদস্যরা এলাকায় অবস্থান করে তল্লাশি অব্যাহত রাখা হয়েছে বলেও জানান এই ভিটিআরটি টিম লিডার।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, ভিটিআরটি সদস্যদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পায়ের ছাপ দেখে নিশ্চিত হওয়া গেছে বাঘটি সুন্দরবন থেকে ভোলা নদী সাঁতরে লোকালয়ে ঢুকেছে। বাঘটির বর্তমান অবস্থান নিশ্চিত হওয়াসহ সুন্দরবনে ফিরিয়ে নিতে তল্লাশি চালানো হচ্ছে। সারাদিন তল্লাশি করেও বাঘের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। আমরা ধারনা করছি বাঘটি ফের ভোলা নদী সাঁতরে সুন্দরবনে ফিরে গেছে। সুন্দরবন থেকে লোকালয়ে বাঘ চলে আসায় এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে। এই অবস্থায় বন বিভাগের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক থাকতে ও রাতে ঘরের বাইরে বের না হতে এলাকায় মাইকিং করা হচ্ছে বলেও জানান এই বন কর্মকর্তা।
























