মদিনায় বিশাল ইউরেনিয়াম মজুদ খুঁজে পেল সৌদি আরব
সৌদি আরবের মদিনা অঞ্চলে প্রায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান পাওয়ার দাবি করেছে দেশটি। সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান জানিয়েছেন, মদিনার জাবাল সায়িদ প্রকল্প এলাকায় অনুসন্ধান ও ভূতাত্ত্বিক জরিপ চালিয়ে এই আকরিকের সন্ধান পাওয়া গেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিভিন্ন গণমাধ্যম মন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।
সৌদি গণমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আবিষ্কৃত আকরিকটিতে ভারী বিরল খনিজ পদার্থের উচ্চ ঘনত্ব রয়েছে। পাশাপাশি এতে উল্লেখযোগ্য পরিমাণ ইউরেনিয়ামও রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে জ্বালানি ও খনিজ সম্পদের ক্ষেত্রে বৈচিত্র্য আনার চেষ্টা করছে সৌদি আরব। এর অংশ হিসেবে যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ‘ভিশন ২০৩০’ কর্মসূচির আওতায় ইউরেনিয়াম উত্তোলন এবং বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে মদিনায় এই আকরিকের সন্ধানকে সৌদির অর্থনৈতিক ও জ্বালানি খাতের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যেই সৌদি আরবের এই ঘোষণা এসেছে। ইরানের সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। দেশটিতে মার্কিন সামরিক ঘাঁটি থাকায় সৌদি আরবকে ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবেও বিবেচনা করা হয়। অন্যদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের তৎপরতার কারণে লোহিত সাগরে সৌদি আরবের সামুদ্রিক যোগাযোগও বিভিন্ন সময় নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে।
এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্বেগও মধ্যপ্রাচ্যের উত্তেজনার অন্যতম কারণ। দেশ দুটি অভিযোগ করে আসছে, ইরান পারমাণবিক কর্মসূচির মাধ্যমে অস্ত্র তৈরির সক্ষমতার দিকে এগোচ্ছে। তবে তেহরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।
মদিনায় ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক পাওয়ার দাবি এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা জোরদার হচ্ছে। গত জুলাইয়ে দুই দেশ একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির পাশাপাশি বেসামরিক পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিও সই করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চুক্তির আওতায় মার্কিন কোম্পানিগুলো সৌদি আরবের বেসামরিক পারমাণবিক জ্বালানি কর্মসূচি গড়ে তুলতে সহায়তা করবে। একই সঙ্গে সৌদি আরব মার্কিন সরাসরি তদারকি ছাড়াই নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পাবে বলে জানা গেছে।
তবে মদিনায় পাওয়া আকরিকে প্রকৃতপক্ষে কত পরিমাণ ইউরেনিয়াম রয়েছে এবং এর কতটুকু বাণিজ্যিকভাবে উত্তোলন করা সম্ভব—তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে আরও বিস্তারিত অনুসন্ধান, নমুনা পরীক্ষা ও অর্থনৈতিক মূল্যায়নের পরই প্রকৃত মজুত ও উত্তোলনযোগ্যতার বিষয়টি স্পষ্ট হবে।
























