সেনবাগে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার
নোয়াখালীর সেনবাগ উপজেলার ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাহাপুর ঠাকুরবাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের একটি পরিবারের বাড়িঘর পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা।
আজ সোমবার (২ নভেম্বর) অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরফানুল হক চৌধুরী, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হযরত আলী মিলন, ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নের প্রশাসক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম জহির, ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার (প্রশাসক) আইয়ুব আলী স্বপন ও সাবেক মেম্বার কামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে ওই হিন্দু পরিবারের বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এতে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান ইউএনও, ওসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম জহিরও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্বস্ত করা হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তি যে-ই হোক, তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের বসতঘর পুনর্নির্মাণ ও পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।























