মুন্সিগঞ্জের ৩ এলাকা থেকে ‘আ.লীগ’ সন্দেহে ৩১জন আটক, ৩ মাইক্রোবাস জব্দ
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে পুলিশের চেকপোস্ট চলাকালে আওয়ামী লীগ সন্দেহে ১০জনসহ জেলা সদরের অন্য দুই এলাকা থেকে আরও ২১জনসহ সর্বমোট ৩১ জনকে আটক করা হয়েছে।
এসময় ৩টি মাইক্রোবাস জব্দ করা হয়।
পুলিশ জানায়, গতকাল সোমবার দিবাগত রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত মধ্যকার সময় এই আটকের ঘটনা ঘটে।
আটককৃতদের বয়স ২০-২৫ বছর বয়সী।ৎ
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, আওয়ামী লীগ মিছিল করতে পারে এমন খবর পেয়ে এক্সপ্রেসওয়ের পাশে ছনবাড়ি এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এসময় একটি সন্দেহভাজন মাইক্রোবাস থেকে ১০ জনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা আওয়ামী লীগের পক্ষে মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিল। আজ মঙ্গলবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের শেষে জেলহাজতে প্রেরণ করা হয়।
অন্যদিকে, মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, সদর উপজেলার সিপাহিপাড়া থেকে ১১ জন ও নয়াগাঁও এলাকা থেকে ১০জনসহ সর্বমোট ২১ জনকে দুই মাইক্রোবাসসহ আটক করা হয়। পরে দুপুরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়।























