বেনাপোলে পৌর স্কেলের পার্কিং এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
যশোরের বেনাপোল পৌর বাস টার্মিনালের সামনে পৌর স্কেলের পার্কিং এলাকায় অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর। স্থানীয়ভাবে তিনি মানসিক ভারসাম্যহীন নারী হিসেবে পরিচিত ছিলেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে যেকোনো সময় তিনি ওই পার্কিং এলাকায় মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরে পৌর স্কেলে দায়িত্বে থাকা আনসার কমান্ডার মো. খাইরুল ইসলাম মরদেহটি পড়ে থাকতে দেখে বিষয়টি তাৎক্ষণিকভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশকে জানান।
খবর পেয়ে জরুরি ডিউটিতে থাকা টহল দলের ইনচার্জ এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি হেফাজতে নেন।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত নারীর কাছ থেকে কোনো পরিচয়পত্র বা পরিচয় শনাক্তের মতো তথ্য পাওয়া যায়নি। তাঁর নাম-পরিচয় শনাক্তের জন্য স্থানীয়ভাবে অনুসন্ধানসহ প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
মৃত নারীর পরিচয় শনাক্ত হলে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানা যাবে।






















