ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন
ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনকে সামনে রেখে ১১-দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র নেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ।
এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম মনোনয়নপত্র হস্তান্তর করেন। মনোনয়নপত্র গ্রহণের সময় নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশনা, নিয়ম ও প্রয়োজনীয় বিধিবিধান সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করা হয়। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও কামনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা।
মনোনয়নপত্র সংগ্রহের সময় জেলা জামায়াতের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাওলানা সোলায়মান হোসেন, জামায়াত নেতা সাইফুল ইসলামসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেলাওয়ার হোসেন এর আগেও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। তিনি দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লি এলাকা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে।

























