ভোলায় ফ্রিল্যান্সিং-এআই প্রশিক্ষণের উদ্বোধন, দক্ষ যুবসমাজ গড়ার উদ্যোগের কথা বললেন প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেছেন, দেশের তরুণদের মেধা, প্রযুক্তি ও দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ আধুনিক প্রযুক্তিতে তরুণদের দক্ষ করে তোলার পাশাপাশি তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারের মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত যুবসমাজ গড়ে তোলার লক্ষ্যেও কাজ চলছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের অষ্টম ব্যাচ এবং ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তরুণদের এমনভাবে প্রশিক্ষিত করা হচ্ছে, যাতে তারা ঘরে বসেই আয় করতে পারেন এবং নিজেরা উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। ডিজিটাল ডিভাইসের প্রতি অতিরিক্ত আসক্তি ও মাদক থেকে তরুণদের দূরে রাখতে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি খেলাধুলা ও গঠনমূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রশিক্ষণার্থী তরুণ-তরুণীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে দেশের সর্বোচ্চ আয় করা সফল প্রশিক্ষণার্থীদের হাতে ল্যাপটপ ও মোবাইল ফোন তুলে দেন প্রতিমন্ত্রী।
রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন আমিনুল হক। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দীর্ঘদিনের একটি অস্থিতিশীল ও ভঙ্গুর পরিস্থিতি থেকে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। গণতান্ত্রিক চর্চা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং মানুষের বাক্স্বাধীনতা ফিরিয়ে আনার বিষয়েও সরকার কাজ করছে।
তিনি বলেন, একটি মহল ও আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে বলে তাঁর মনে হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সংশ্লিষ্টরা সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের পরিস্থিতি রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। জনগণের স্বার্থ ও অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি এ জন্য জনগণের কাছে কিছুটা সময় দেওয়ার আহ্বান জানান।
তৃণমূলের খেলাধুলায় গুরুত্ব
যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ ধারায় ফিরিয়ে আনতে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে আমিনুল হক বলেন, ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন খেলাকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নতুন ক্লাব গড়ে তুলে খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার পরিবেশ তৈরির পাশাপাশি খেলোয়াড়দের উৎসাহিত করতে ক্রীড়া ভাতাসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন
ভোলা সফরকালে প্রতিমন্ত্রী ইলিশা এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন একটি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করেন। গবাদিপশু ও অন্যান্য প্রাণীর বর্জ্য কাজে লাগিয়ে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি উৎপাদনে দেশের বিভিন্ন এলাকায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উৎসাহ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী দাবি করেন, ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় প্রায় ১৫ হাজার বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবিলায় ভবিষ্যতে এসব প্ল্যান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে ভোলা সফরের শুরুতে পুরাতন যুগীরঘোল এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের ভোলা জেলা প্রধান কার্যালয়ের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে তিনি ইলিশা এলাকায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করেন।
এদিকে প্রতিমন্ত্রীর ভোলা সফর উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান। সফরকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
মোঃ সুলাইমান
ভোলা জেলা প্রতিনিধি























