বিশ্ব শিক্ষক দিবসে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গজারিয়ার শিক্ষক জেসমিন সুলতানা
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাষ্ট্রীয় পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন মুন্সিগঞ্জের গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জেসমিন সুলতানা। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি শ্রেষ্ঠ কারিগরি শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ করেন।
শিক্ষকতা জীবনের গুরুত্বপূর্ণ এই অর্জনে জেসমিন সুলতানা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তিনি বলেন, শিক্ষকতা জীবনে এ সম্মাননা পাওয়া তাঁর জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত। এই স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার্থীদের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে।
এই সম্মাননার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
জেসমিন সুলতানা গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে কারিগরি শিক্ষায় অবদান রাখার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করে আসছেন।























