রিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী কায়কোবাদ
রিয়াদ বিমানবন্দরে হামলা: আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী কায়কোবাদ। খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় বাংলাদেশি নাগরিকদের হতাহত হওয়ার ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। একই সঙ্গে আহত বাংলাদেশিদের চিকিৎসা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) ধর্মমন্ত্রী হামলায় ক্ষতিগ্রস্ত উমরাহ কাফেলার জিম্মাদার মোহাম্মদ আলী কাশেমীর সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের চিকিৎসা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এর আগের রাতেও উমরাহযাত্রীদের নিরাপদ আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা করেন তিনি।
ধর্মমন্ত্রী বলেন, সৌদি আরব মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও আবেগের স্থান। দেশটিতে অবস্থিত পবিত্র কাবা শরিফ এবং মদিনা মুনাওয়ারায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক বিশ্বের কোটি কোটি মুসলমানের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কেন্দ্র। তাই সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা সমগ্র মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির ওপর যেকোনো ধরনের হামলা মুসলিম বিশ্ব মেনে নেবে না।
তিনি আরও বলেন, এ ধরনের সহিংসতার বিরুদ্ধে মুসলিম বিশ্বের দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে এবং সুস্পষ্ট অবস্থান নিতে হবে। বাংলাদেশও এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। পবিত্র ভূমিতে আগত উমরাহযাত্রীরা আল্লাহর মেহমান। তাঁদের জীবন বিপন্ন করে এমন কোনো সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও উমরাহযাত্রীদের নিরাপত্তা, চিকিৎসা, আবাসন এবং পবিত্র মক্কা ও মদিনায় নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। কোনো বাংলাদেশি নাগরিক যাতে অনাকাঙ্ক্ষিত ভোগান্তির শিকার না হন এবং উমরাহ পালন শেষে নিরাপদে দেশে ফিরতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে।
ধর্মমন্ত্রী বলেন, আল্লাহর মেহমানদের ওপর হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে রয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। আহত বাংলাদেশিদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশটিতে অবস্থানরত অন্য বাংলাদেশি নাগরিক ও উমরাহযাত্রীদের সার্বিক পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ সময় উমরাহযাত্রীদের চিকিৎসা সহায়তা, নিরাপদ আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সৌদি আরব সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ধর্মমন্ত্রী।
তিনি বলেন, যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সরকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সৌদি আরবের সরকার ও জনগণের পাশে থাকবে। দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

























