গঙ্গাচড়ার মানুষ হারালেন এক উজ্জ্বল নক্ষত্র, চিরনিদ্রায় শায়িত অধ্যক্ষ মাওলানা অলিউল্লাহ
রংপুরের গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা অলিউল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৪ নভেম্বর) বাদ ফজর নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
মরহুমের প্রথম জানাজার নামাজ মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজার নামাজ বাদ মাগরিব বড়াইবাড়ি হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এবং তৃতীয় জানাজার নামাজ রাত ৮টা ৩০ মিনিটে তাঁর নিজ বাড়ি বাগডহরা মুন্সিটারি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
জানাজার নামাজে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
জানাজায় বক্তব্য দেন গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা শহিদুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, জামায়াতে ইসলামীর গঙ্গাচড়া উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান, সাউথপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রোকনুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার সেক্রেটারি ইউনুসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে মরহুমের বর্ণাঢ্য কর্মজীবন, দ্বীনি শিক্ষা বিস্তারে অবদান, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, মাওলানা অলিউল্লাহর মৃত্যুতে গঙ্গাচড়াবাসী একজন অভিভাবক, প্রবীণ আলেম ও দ্বীনি শিক্ষার নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বকে হারাল। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শিক্ষার্থী রেখে গেছেন।
এদিকে তাঁর ইন্তেকালে সহকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশকারীরা মহান আল্লাহ তাআলার কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এ শোক সইবার শক্তি দানের প্রার্থনা করেন।

























