নতুন কুঁড়ি স্পোর্টস-২ উপলক্ষে মুরাদনগরে বর্ণাঢ্য র্যালি, অনলাইনে যুক্ত উপজেলা প্রশাসন
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে বর্ণাঢ্য র্যালি ও নানা আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধনী কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অনলাইনে যুক্ত হয় মুরাদনগর উপজেলা প্রশাসন। উদ্বোধন উপলক্ষে মুরাদনগরে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব হাসান খান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল খন্দকার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মূল লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তাদের বিকাশের সুযোগ তৈরি করা। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি নতুন প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সৃজনশীল করে গড়ে তোলার লক্ষ্যেও নেওয়া হয়েছে এ উদ্যোগ।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে মুরাদনগরের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় ক্রীড়াপ্রতিভা জাতীয় পর্যায়ে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে।























