দেশে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ দিবস-২০২৬ উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কলেজ ক্যাম্পাসে আনন্দ র্যালি বের করা হয়। দিবসটি উদ্যাপনে কেক কাটারও আয়োজন করা হয়।
পরবর্তী সময়ে শজিমেক অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে কলেজের কৃতী ও সাবেক শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি চিকিৎসা কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
দেশের সরকারি স্বাস্থ্যসেবায় চিকিৎসক সংকট কমাতে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে এই নিয়োগপ্রক্রিয়া চলমান রয়েছে। নিয়োগ সম্পন্ন হলে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
একই সঙ্গে বগুড়াসহ সারাদেশে ২০টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপন করা হবে বলে জানিয়েছেন তিনি। এর মাধ্যমে জটিল ও সংকটাপন্ন রোগীদের চিকিৎসাসেবা আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি কর্ম কমিশনের মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। এই নিয়োগ কার্যক্রম শেষ হলে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের ঘাটতি অনেকটাই পূরণ হবে। ফলে সাধারণ মানুষ আগের তুলনায় আরও সহজে চিকিৎসাসেবা পাবেন।
তিনি বলেন, দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের নানা সমস্যা রয়েছে।
বর্তমান বিএনপি সরকার এসব সমস্যা সমাধানে কাজ করছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্বাস্থ্যসেবার অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে সারাদেশে ২০টি আইসিইউ স্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী। এর মধ্যে বগুড়াও রয়েছে।
আইসিইউ স্থাপনের মাধ্যমে গুরুতর অসুস্থ রোগীদের নিবিড় পরিচর্যা ও চিকিৎসার সুযোগ বাড়বে। বিশেষ করে জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য বড় শহরের ওপর নির্ভরশীলতা কমাতে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কলেজের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন


























