তজুমদ্দিনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
‘সমবায়ে গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইদ আবদুল্লাহ আল রুমানসহ বিভিন্ন সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো বনি আমিন বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও সাধারণ মানুষকে সংগঠিত করে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব। তাই সমবায় কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে হবে।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইদ আবদুল্লাহ আল রুমান বলেন,সমবায় শুধু একটি সংগঠন নয়,এটি পারস্পরিক সহযোগিতা,ঐক্য ও অর্থনৈতিক উন্নয়নের একটি শক্তিশালী মাধ্যম। সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষকে সংগঠিত করে স্বাবলম্বী করে তোলা সম্ভব। এ জন্য প্রতিটি সমবায় সমিতিকে নিয়মনীতি মেনে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করতে হবে। আমরা তজুমদ্দিন উপজেলায় সমবায় কার্যক্রমকে আরও সম্প্রসারণ ও গতিশীল করতে কাজ করে যাচ্ছি
উপজেলা সহকারী কমিশনার ভূমি,তরিৎ চন্দ্র শীল বলেন,
সমবায় একটি মহৎ উদ্যোগ, যার মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। সমবায়ের মূল শক্তি হচ্ছে ঐক্য ও বিশ্বাস। সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সরকারি নিয়মনীতি মেনে পরিচালনা করতে হবে।


























