মাটিরাঙ্গায় পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি অনুষ্ঠিত
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের স্টুডেন্ট ব্যাংকিং হিসাব খোলার কার্যক্রমও পরিচালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, খাগড়াছড়ি শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখাপ্রধান ইকবাল হোসেন। মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, মাটিরাঙ্গা উপশাখার ব্যবস্থাপক মোহাম্মদ হালিমুর রশিদ।
এ সময় প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। স্টুডেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা লাভের পাশাপাশি অর্থ ব্যবস্থাপনা ও সঞ্চয়ের বিষয়ে সচেতন হতে পারবে।
এ সময় শিক্ষার্থীদের স্টুডেন্ট ব্যাংকিং হিসাবের বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার কার্যক্রম সম্পন্ন করা হয়।

























