গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনতে ধুনটে ব্যতিক্রমী উদ্যোগ
গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনতে ধুনটে ব্যতিক্রমী উদ্যোগ, ১৮ দিনে বিশাল বৈশাল নৌকা নির্মাণ, পানিতে নামাতে হাজারো মানুষের ঢল।
আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি যখন ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে, ঠিক তখনই সেই ঐতিহ্যকে নতুন করে মানুষের সামনে তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের উলিপুর গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে মাত্র ১৮ দিনে নির্মাণ করা হয়েছে বিশাল আকৃতির একটি ঐতিহ্যবাহী বৈশাল নৌকা। নৌকাটি পানিতে নামানোর দিন উৎসবমুখর পরিবেশে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের সমাগম ঘটে।
নৌকাটির দৈর্ঘ্য গলুই ছাড়া প্রায় ৭৫ হাত এবং গলুইসহ প্রায় ৯৫ হাত। নৌকা নির্মাণে গ্রামের মানুষ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করেছেন। কেউ ৫০০ টাকা, আবার কেউ ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান দিয়েছেন। এভাবে সবার সম্মিলিত সহযোগিতায় মাত্র ১৮ দিনের মধ্যেই নৌকাটির নির্মাণকাজ সম্পন্ন হয়। স্থানীয়দের দাবি, এটি ধুনট উপজেলার বৃহত্তম আকৃতির নৌকাগুলোর একটি।
নৌকাটি পানিতে নামানোকে কেন্দ্র করে গত দুই দিন ধরে গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। বিশেষ করে নৌকা পানিতে নামানোর আনুষ্ঠানিকতায় হিন্দু সম্প্রদায়ের প্রচলিত ধর্মীয় ও সাংস্কৃতিক রীতিনীতি অনুসরণ করা হয়। শুভকাজের অংশ হিসেবে বরণডালা দিয়ে নৌকাটি বরণ, উলুধ্বনি এবং সাত পাক দেওয়ার আনুষ্ঠানিকতা পালন করা হয়। পরে ঢাকঢোল বাজিয়ে উৎসবমুখর পরিবেশে নৌকাটি পানিতে নামানো হয়। পানিতে নামানোর পর মালা দিয়ে নৌকাটিকে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নৌকাটি পানিতে নামানোর পর সাঁটিয়া বাইসের মাধ্যমে এর কার্যকারিতা পরীক্ষা করা হয়। এ সময় এক থেকে দুটি বাইচ দেওয়া হয়। এতে নৌকাটির সক্ষমতা পরীক্ষার পাশাপাশি উপস্থিত দর্শনার্থীদের মধ্যেও বাড়তি আনন্দের সৃষ্টি হয়।
এ ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাসেল রানা (নাইয়া), বেল্লাল হোসেন (পরিচালক) ও সাইদুল ইসলাম (সহপরিচালক)। এ ছাড়া দেলবার হোসেন সভাপতি, মোহাম্মদ বুলু সহসভাপতি, এমদাদুল হক লিটন সাধারণ সম্পাদক এবং তরিকুল ইসলাম শাহীন ও আতিকুর রহমান খোকন মাস্টার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁদের পাশাপাশি গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নৌকা নির্মাণে সহযোগিতা করেছেন।
অনুষ্ঠানে মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল কাদের, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য এবং চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের অনেকেই উপস্থিত ছিলেন। হিন্দু-মুসলিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়।
একসময় গ্রামবাংলার নদী-নালা ও জলাশয়ে নৌকা এবং নৌকাবাইচ ছিল গ্রামীণ জনপদের বিনোদন ও সাংস্কৃতিক জীবনের অন্যতম আকর্ষণ। আধুনিকতার প্রভাবে সেই ঐতিহ্য অনেকটাই হারিয়ে যেতে বসেছে। এমন বাস্তবতায় উলিপুর গ্রামবাসীর এই সম্মিলিত উদ্যোগ শুধু একটি বিশাল নৌকা নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং গ্রামীণ ঐতিহ্য, সম্প্রীতি ও লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।


























