ইসরায়েলকে বিশ্ব শান্তির জন্য ‘হুমকি’ মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ
যুক্তরাজ্যের অধিকাংশ মানুষ এখন বিশ্ব শান্তির জন্য ইসরায়েলকে একটি ‘গুরুতর হুমকি’ হিসেবে দেখছেন। দ্য ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) ব্রিটিশ সোশ্যাল অ্যাটিটিউডস প্রতিবেদনে প্রকাশিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৭৮ শতাংশ ব্রিটিশ নাগরিক ইসরায়েলকে এই হুমকি বলে মনে করেন, যা ২০০৫ সালে ছিল মাত্র ৪৮ শতাংশ।‘অ্যা মোর ডেঞ্জারাস ওয়ার্ল্ড: ব্রিটিশ অ্যাটিটিউডস টু সিকিউরিটি, ডিফেন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যালাইয়েন্সেস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ইরান (৭৫ শতাংশ) এবং যুক্তরাষ্ট্রের (৭৪ শতাংশ) চেয়েও বেশি উত্তরদাতা ইসরায়েলকে বিশ্ব শান্তির জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্য সাম্প্রতিক সংঘাতে জড়িয়ে পড়ার কারণেই ইসরায়েলের সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হয়।২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলে ২০২৪ সালের শরতে এই হার ৭৩ শতাংশে পৌঁছায়। ২০২৫ সালে কিছুটা কমলেও ২০২৬ সালের বসন্তে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ ইরান বোমা হামলার পর এই হার বেড়ে ৭৮ শতাংশে দাঁড়ায়।
দলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গ্রিন পার্টির সমর্থকদের মধ্যে সর্বোচ্চ ৮৮ শতাংশ ইসরায়েলকে বড় হুমকি মনে করেন। এ ছাড়া লেবার পার্টির ৮৪, লিবারেল ডেমোক্র্যাটদের ৭৯, কনজারভেটিভদের ৭০ এবং রিফর্ম ইউকের ৬২ শতাংশ সমর্থক একই মতামত দিয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
























