হরমুজ প্রণালিতে হামলার আশঙ্কা, বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম
ইরান যুদ্ধের উত্তেজনা প্রশমনের সম্ভাবনা তৈরি হলেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অব্যাহত হামলার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। এর আগে মঙ্গলবার গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল অপরিশোধিত তেলের দাম। তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হওয়ায় বুধবার তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।
বুধবার গ্রিনিচ মান সময় রাত ১টা ১৯ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৯২ ডলার ২০ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৯ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ ডলার ৫৩ সেন্টে পৌঁছায়।
নতুন এক পরিসংখ্যানে দেখা গেছে, গত অক্টোবর মাসে হরমুজ প্রণালি ও আশপাশের জলপথে ৩৭টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরান যুদ্ধ শুরুর পর এক মাসে জাহাজে হামলার এটিই সর্বোচ্চ সংখ্যা। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, চলতি নভেম্বর মাসেও এখন পর্যন্ত ১০টি হামলার ঘটনা ঘটেছে।
রয়টার্স রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিও যাচাই করে জানিয়েছে, ওমানের উপকূলের কাছে ন্যাভিগএইট কোম্পানির একটি তেলের ট্যাংকারে আগুন জ্বলতে দেখা গেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের দাবি, রোববার হরমুজ প্রণালিতে ‘অনুমোদনহীন পথে’ চলাচলের অভিযোগে তিনটি ট্যাংকারে হামলা চালানো হয়। এর মধ্যে ন্যাভিগএইটের ট্যাংকারটিও ছিল। অন্যদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) মঙ্গলবার জানিয়েছে, ওমানের লিমা এলাকার উত্তর-পূর্বে আরেকটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে।
এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালির ‘অনুমোদনহীন পথে’ চলাচলের সময় সমুদ্রের মাইন বা বিস্ফোরক বস্তুর আঘাতে দুটি ট্যাংকারে আগুন ধরে যায়।
বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হলেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক হওয়ার নিশ্চয়তা নেই। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) বিশ্লেষকেরা ১০ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলেছেন, প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নির্ভর করবে।
এর মধ্যে রয়েছে সমুদ্রের মাইন অপসারণ, জাহাজের বিমা ব্যয় কমে আসা এবং ঝুঁকি নিয়ে প্রণালি দিয়ে জাহাজ চালাতে মালিকদের সম্মতি। বিশ্লেষকেরা আরও সতর্ক করেছেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনা এখনো কমেনি।
এর আগে মঙ্গলবার লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ৩ ডলারের বেশি কমে যায়। ইরানে নতুন করে সামরিক হামলার প্রয়োজন নেই বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মন্তব্যের পর বাজারে এই দরপতন ঘটে। তবে পরবর্তী সময়ে দাম আবার কিছুটা বেড়ে যায়। অন্যদিকে ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আলোচনা চলছে না।
এদিকে বাজারসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত উল্লেখযোগ্য হারে বেড়েছে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির তেলের মজুত ৯০ লাখ ব্যারেল বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে রাশিয়ায় তেল পরিশোধনের সক্ষমতা প্রায় ৩০ শতাংশ কমেছে। শিল্প খাতের সূত্রগুলো জানিয়েছে, অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের নতুন করে চালানো ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল পরিশোধন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের উদ্যোগে মঙ্গলবার আবুধাবিতে বৈঠকে বসেছেন রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা। গত ফেব্রুয়ারির পর এটিই দুই দেশের মধ্যে প্রথম শান্তি আলোচনা।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা—এই তিনটি বিষয়ই এখন বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তথ্যসূত্র: রয়টার্স
























