গোপালগঞ্জে চালের কেজিতে বেড়েছে ২ থেকে ৭ টাকা
গোপালগঞ্জে আমন মৌসুমের ধান কাটা শুরু হলেও চালের বাজারে এর প্রভাব পড়েনি। বরং গত এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের সরু চালের দাম কেজিপ্রতি ২ থেকে ৭ টাকা পর্যন্ত বেড়েছে। তবে মোটা চালের দাম অপরিবর্তিত রয়েছে। চালের দাম বৃদ্ধিতে বাড়তি চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।
বিক্রেতাদের দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন খরচ বেড়েছে। এর প্রভাব পড়েছে চালের বাজারে। অন্যদিকে নতুন ধান বাজারে আসতে শুরু করায় হাট-বাজারে ধানের দাম কিছুটা কমেছে। এ অবস্থায় চালের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তারা বাজারদর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
গোপালগঞ্জ শহরের বড় বাজার ঘুরে জানা গেছে, বর্তমানে প্রতি কেজি বিআর-২৮ চাল ৫৬ থেকে ৫৮ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এ চালের দাম ছিল ৫২ থেকে ৫৫ টাকা। অর্থাৎ কেজিপ্রতি দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা।
মিনিকেট চালের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগে প্রকারভেদে প্রতি কেজি মিনিকেট চাল ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা ৭২ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। এতে কেজিপ্রতি দাম বেড়েছে ৫ থেকে ৭ টাকা।
এদিকে বাসমতি চালের দাম গত সপ্তাহে প্রতি কেজি ৮৫ থেকে ৯০ টাকা থাকলেও বর্তমানে তা বেড়ে ৯০ থেকে ৯৪ টাকায় বিক্রি হচ্ছে। এ চালের দাম কেজিপ্রতি বেড়েছে ৪ থেকে ৫ টাকা।
হাসকি চালের দামও কেজিপ্রতি ২ থেকে ৩ টাকা বেড়েছে। আগে ৫০ থেকে ৫২ টাকা দরে বিক্রি হওয়া এ চাল বর্তমানে ৫২ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
তবে স্বর্ণা চালের দাম প্রতি কেজি ৪৫ টাকা এবং মোটা চালের দাম ৪০ টাকা অপরিবর্তিত রয়েছে।
চালের বাজারে এমন ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সংসার খরচ বেড়ে গেছে। ক্রেতাদের অভিযোগ, নতুন ধান ওঠার মৌসুমেও চালের দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই। তারা বাজার মনিটরিং জোরদার করে চালের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানিয়েছেন।


























