স্বেচ্ছাসেবক নিচ্ছে ইউনিস্যাব রাজশাহী, আবেদন শেষ ৩ ডিসেম্বর
তরুণদের স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত করতে ১৪তম স্বেচ্ছাসেবক সংগ্রহ কার্যক্রম শুরু করেছে ইউনাইটেড ন্যাশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিভাগ।
রোববার শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত; প্রার্থীদের মূল নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হতে আগ্রহী প্রার্থীদের তিনটি ধাপে বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
প্রথমে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের মেধা যাচাই করা হবে। দ্বিতীয় ধাপে ফোকাস গ্রুপ ডিসকাশনের (এফজিডি) মাধ্যমে তাদের নেতৃত্ব ও দলগত কাজের সক্ষমতা মূল্যায়ন করা হবে এবং সবশেষে মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমে চূড়ান্তভাবে স্বেচ্ছাসেবক নির্বাচন করা হবে।
‘লিডারশিপ থ্রু ভলান্টিয়ারিজম’ বা স্বেচ্ছাসেবার মধ্য দিয়ে নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে ২০১৪ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে ইউনিস্যাব রাজশাহী। তরুণদের দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশই এবারের স্বেচ্ছাসেবক সংগ্রহের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা।
সংগঠনটির উল্লেখযোগ্য সামাজিক উদ্যোগের মধ্যে রয়েছে প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার, উইক ফর হিউম্যানিটি, ঈদ ফর স্ট্রিট চিলড্রেন এবং প্রজেক্ট হ্যাপি বার্থডে।
এছাড়া তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে নিয়মিতভাবে ইউনিস্যাব মডেল ইউনাইটেড নেশনস, ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিট, ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট, নেক্সটলিপ, ইউনিস্যাব রাইজ, ড্রিম অরেঞ্জ ও ইউনিস্যাব এক্সিলারেটসহ বিভিন্ন আয়োজন করে আসছে সংগঠনটি।
উত্তরবঙ্গে প্রথমবারের মতো মডেল ইউনাইটেড নেশনস ও ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিট আয়োজনের কৃতিত্বও রয়েছে তাদের।
ফাহাদদিস হাসান মিথুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়

























