রাবির চারুকলা ফটকের সামনে ককটেল বিস্ফোরণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে ঘটনাটি ককটেল বিস্ফোরণ কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে চারুকলা ফটক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরই মধ্যে বিস্ফোরণের শব্দের তিন সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে এসেছে। ঘটনার পর প্রক্টরিয়াল টিম ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধারের চেষ্টা চালায়। তবে এখন পর্যন্ত কোনো আলামত পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো.মাহবুবুর রহমান বলেন, ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। এরই মধ্যে বিস্ফোরণের শব্দের ৩ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ আমার হাতে এসেছে৷ তবে ঠিক একই সময়ে শহীদ হবিবুর রহমান হলে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে সেখানেও আতশবাজি ফোটানো হয় একারণে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে। ঘটনার পর প্রক্টরিয়াল টিম ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো আলামত হাতে আসেনি।
উল্লেখ্য, এর আগে গত ১৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।
ফাহাদদিস হাসান মিথুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়























