‘নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করা সম্ভব হবে’
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের মাধ্যমে জেলা পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করা সম্ভব হবে। তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করবে।
শনিবার বিকালে কুমিল্লার শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেসিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান ও শিক্ষার পাশাপাশি খেলাধুলাও গুরুত্বপূর্ণ। খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশই ঘটায় না, বরং তরুণদের জন্য দ্রুত পরিচিতি ও সাফল্যের দ্বারও খুলে দেয়।
হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দ বৃদ্ধির উদ্যোগ
হাওর অঞ্চলের কৃষির ক্ষতি নিয়ে মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত এলাকার তথ্য নিয়মিতভাবে সংগ্রহ করা হচ্ছে, মারাত্মক ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দ বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভেঙে যাওয়া বাঁধগুলো স্থায়ীভাবে সংস্কারের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।
ধান সংগ্রহ কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ে মাইকিংয়ের মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে ধান সংগ্রহ করা হবে। এতে কৃষকরা বাজারমূল্যের তুলনায় প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেশি লাভবান হতে পারবেন। এছাড়া হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের খাদ্য সহায়তা কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে অন্যান্য ক্ষতিগ্রস্তদের মধ্যেও সম্প্রসারণ করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ও কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ অন্যরা।
















