কাশিয়ানীতে স্কুল ছাত্রী ধর্ষন মামলায় নারীসহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড
গোপালগঞ্জের কাশিয়ানীতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় এক নারীসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আসামিদের পৃথকভাবে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
আজ সোমবার, গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের উজ্জ্বল বিশ্বাস এবং একই গ্রামের কল্পনা বিশ্বাস। রায়ে উজ্জ্বলকে এক লাখ এবং কল্পনাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের ৩ অক্টোবর সন্ধ্যায় পিঠা তৈরির কথা বলে ওই স্কুলছাত্রীকে নিজের ঘরে ডেকে নেন কল্পনা বিশ্বাস। পরে সেখানে তাকে ধর্ষণ করে উজ্জ্বল বিশ্বাস। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা দায়ের করেন।
দীর্ঘ প্রায় ছয় বছর বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই রায় এলো। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এই রায় যৌন সহিংসতার বিরুদ্ধে কঠোর বার্তা দেবে। তবে আসামিপক্ষের আইনজীবী রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।
ছাইম খান
গোপালগঞ্জ প্রতিনিধি





















