বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় পবিপ্রবিসহ অস্ট্রেলিয়া-বাংলাদেশের যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর
বরিশাল সিটি কর্পোরেশনের আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে যৌথ গবেষণা প্রকল্পের প্রস্তাব সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একাডেমি-ইন্ডাস্ট্রি কোলাবরেশনের আওতায় এ গবেষণা প্রস্তাব হস্তান্তর করা হয়।
ইউরালা কাউন্সিল, অস্ট্রেলিয়া, ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এসিআই ফার্টিলাইজার বাংলাদেশ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল সিটি কর্পোরেশনের সমন্বয়ে এ যৌথ গবেষণা প্রকল্পের প্রস্তাব তৈরি করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, অস্ট্রেলিয়ার একটি কোম্পানি পাইরোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্য পুনর্ব্যবহার ও ব্যবস্থাপনার বিষয়ে অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে এ গবেষণা প্রকল্পের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত গবেষণা প্রকল্পের প্রজেক্ট লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ডের শিক্ষক প্রফেসর ড. শামীম মিয়া।
প্রকল্পের প্রজেক্ট মেম্বার হিসেবে রয়েছেন পবিপ্রবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. খোকন হোসেন এবং জেএসপিএস-ইউজিসি বাই-ল্যাটারাল জয়েন্ট রিসার্চ প্রজেক্টের প্রজেক্ট মেম্বার ও স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বর্তমান উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান দায়িত্ব গ্রহণের পর থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দেশীয় ও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে অবস্থান উন্নয়নের লক্ষ্যে গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণে কাজ করে যাচ্ছেন।
জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।



















