ভারী বর্ষণে ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ
ভারী বর্ষণ ও সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, টানা বৃষ্টির কারণে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগের আশঙ্কা বিবেচনায় জনসাধারণ ও পর্যটকদের জানমালের নিরাপত্তার স্বার্থে জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।
জেলা প্রশাসন জানায়, ভারী বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং আকস্মিক দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। এ অবস্থায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটকদের বান্দরবানে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।






















