টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, সড়কে তীব্র যানজট
টানা ভারী বর্ষণে রাজধানীর কাকলী, বনানী, খিলক্ষেতসহ বিমানবন্দর সড়কের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যানবাহনের গতি কমে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীরা।
রোববার (১২ জুলাই) সকাল থেকে ভারী বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় পানি জমে যায়। এর প্রভাব পড়ে বিমানবন্দর সড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। যানবাহনের ধীরগতির কারণে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।
বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র্যাম্প থেকে নেমে আসা যানবাহন নিচের সড়কের ধীরগতির ট্রাফিকের সঙ্গে যুক্ত হওয়ায় পরিস্থিতির আরও অবনতি ঘটে। র্যাম্পের সামনে পানি জমে থাকায় অনেক গাড়িকে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে, ফলে একটির পর একটি যানবাহন আটকে দীর্ঘ সারি তৈরি হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় অপ্রয়োজনীয় যাতায়াত পরিহারের আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ।
গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টানা ভারী বর্ষণের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র্যাম্পের নিচের অংশ, খিলক্ষেত এবং মহানগরের বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের চলাচল ধীরগতির হয়ে পড়েছে এবং কয়েকটি স্থানে তীব্র যানজট দেখা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে।
এদিকে মোটরযান চালক ও পথচারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার, জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে গাড়ি চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা, সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ।
























