‘ব্যাচেলর পয়েন্ট’-এ নতুন চমক, যুক্ত হলেন নেপালি অভিনেত্রী রাজেশ্রী থাপা
জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন মৌসুমে যুক্ত হয়েছেন নেপালের মডেল ও অভিনেত্রী রাজেশ্রী থাপা। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ মুক্তি পাওয়া ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’–এর চ্যাপ্টার ১৩-তে নতুন এই চরিত্রের মাধ্যমে দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার সিরিজটির ৯৭ থেকে ১০০ নম্বর পর্যন্ত চারটি নতুন পর্ব একযোগে মুক্তি দেওয়া হয়। নতুন পর্বগুলো প্রকাশের পর থেকেই রাজেশ্রী থাপার উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।
ধারাবাহিকটির নির্মাতা কাজল আরেফিন অমি জানিয়েছেন, নাটকে রাজেশ্রী থাপা অভিনয় করছেন ‘কিরান’ চরিত্রে।
নতুন এই চরিত্রকে পরিচয় করিয়ে দিতে অমি তার ভেরিফায়েড ফেসবুক পেজে রাজেশ্রীর একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, “ব্যাচেলর পয়েন্ট-এর নতুন আগুন, কিরান। কিরানকে দেখতে চোখ রাখুন বঙ্গ-তে।” পরিচালকের ওই পোস্টে মন্তব্য করে রাজেশ্রী থাপাও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টেও একটি ছবি প্রকাশ করে বাংলাদেশের দর্শকদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন নেপালি এই অভিনেত্রী। তার এই পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
জানা গেছে, নতুন পর্বগুলোর শুটিংয়ের জন্য নির্মাতা কাজল আরেফিন অমি পুরো টিমকে নিয়ে নেপালে যান। শুটিংয়ে অংশ নেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, শামীম হাসান সরকারসহ ধারাবাহিকটির পরিচিত শিল্পীরা। নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে ধারণ করা হয়েছে নতুন পর্বগুলোর দৃশ্য।
এবারের চ্যাপ্টারে নতুন চরিত্রের পাশাপাশি ফুটবল বিশ্বকাপের উন্মাদনাও যুক্ত করা হয়েছে। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পরিচিত চরিত্রগুলোকে ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি পরে বিশ্বকাপ নিয়ে হাস্যরস, তর্ক-বিতর্ক এবং নানা মজার ঘটনায় অংশ নিতে দেখা যাবে।
নির্মাতার প্রত্যাশা, নতুন গল্প, আন্তর্জাতিক শিল্পীর অংশগ্রহণ এবং বিশ্বকাপের আবহ মিলিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন চ্যাপ্টার দর্শকদের জন্য বাড়তি বিনোদন নিয়ে আসবে।
























