বন্যায় মৃত্যু বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ
টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও পাহাড়ধসে দেশের সাত জেলায় অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ১৬ হাজার ৮০৫ জনে, আর পানিবন্দি হয়ে পড়েছে ৫২ হাজার ৪৯৩টি পরিবার।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো—খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এসব জেলার ৫৭টি উপজেলা এবং ৮টি পৌরসভা বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে। সেখানে ৩২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৯ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা। এছাড়া চট্টগ্রামে ১৫ জন, বান্দরবানে সাত জন, রাঙামাটিতে তিন জন এবং মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে।
আহত ৪০ জনের মধ্যে কক্সবাজারে ২৫ জন, চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে দুই জন এবং খাগড়াছড়িতে একজন রয়েছেন। কক্সবাজারে এখনও একজন নিখোঁজ রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুর্গত মানুষের জন্য সাত জেলায় মোট ৮৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বর্তমানে এসব কেন্দ্রে ৮৪৯ জন আশ্রয় নিয়েছেন। এর মধ্যে চট্টগ্রামের ১১টি কেন্দ্রে ৩৯৫ জন, বান্দরবানের ৬৭টি কেন্দ্রে ১৫০ জন, মৌলভীবাজারের ছয়টি কেন্দ্রে ২৪৯ জন এবং রাঙামাটির একটি কেন্দ্রে ৫৫ জন অবস্থান করছেন। সরকারি তথ্য অনুযায়ী, খাগড়াছড়ির আশ্রয়কেন্দ্রগুলোতে বর্তমানে কেউ অবস্থান করছেন না।
ত্রাণ সহায়তার অংশ হিসেবে সরকার সারা দেশে এ পর্যন্ত ৫ কোটি ১৫ লাখ টাকা নগদ অর্থ বরাদ্দ দিয়েছে। পাশাপাশি ৯ হাজার ৫০ মেট্রিক টন চাল, ৪ হাজার ২০০ বান্ডিল ঢেউটিন এবং গৃহ নির্মাণ সহায়তা হিসেবে ১ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতি জেলায় ২০ লাখ টাকা করে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে।



























