রিয়ালকে না, বার্সেলোনায় রদ্রি
বিশ্বকাপজয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি এর্নান্দেজকে দলে ভেড়ানোর দৌড়ে বড় চমক দেখিয়েছে বার্সেলোনা। দীর্ঘদিনের আগ্রহ থাকা সত্ত্বেও রিয়াল মাদ্রিদকে না বলে কাতালান ক্লাবটিতেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৩০ বছর বয়সি এই তারকা।
ইউরোপীয় দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকের সঙ্গে আলোচনার পর রদ্রি বার্সায় খেলতে সম্মতি দিয়েছেন। রদ্রির এজেন্টও নিশ্চিত করেছেন, তিনি রিয়াল মাদ্রিদকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।
বার্সেলোনা ইতোমধ্যে খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগত চুক্তিতে একমত হয়েছে। তবে ম্যানচেস্টার সিটির কাছে এখনও আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়নি। ধারণা করা হচ্ছে, শিগগিরই ৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হবে। রদ্রির বর্তমান চুক্তির মেয়াদ আর এক বছর।
ফ্রেংকি ডি ইয়ংয়ের দীর্ঘমেয়াদি চোট এবং মাঝমাঠে অভিজ্ঞতার ঘাটতি পূরণ করতেই রদ্রিকে অগ্রাধিকার দিয়েছে বার্সেলোনা। যদিও সম্প্রতি হাঁটু ও পিঠের চোটের কারণে তার ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে, তবুও তাকে দলে টানতে দৃঢ় অবস্থানে রয়েছে কাতালান ক্লাবটি।
সবকিছু ঠিক থাকলে, রদ্রির বার্সেলোনায় যোগ দেওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।























