চরভদ্রাসনে এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৭.৫৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২৪ শিক্ষার্থী
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পাসের হার হয়েছে ৭৭.৫৭ শতাংশ। উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয় ও একটি দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেওয়া মোট ৬০২ জন শিক্ষার্থীর মধ্যে ৪৬৭ জন উত্তীর্ণ হয়েছে। এ বছর জিপিএ-৫ অর্জন করেছে মোট ২৪ জন শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, চরভদ্রাসন সূত্রে জানা যায়, উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট ৫৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৫৩ জন উত্তীর্ণ এবং ১৩২ জন অকৃতকার্য হয়েছে। বিদ্যালয় পর্যায়ে পাসের হার ৭৭.৪৪ শতাংশ। এছাড়া বাহরুল উলুম দাখিল মাদ্রাসা থেকে ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন উত্তীর্ণ হয়ে ৮২.৩৫ শতাংশ পাসের হার অর্জন করেছে। সব মিলিয়ে উপজেলার সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৭৭.৫৭ শতাংশ।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, চরভদ্রাসনের পাসের হার ঢাকা শিক্ষা বোর্ডের ৭১.৬৩ শতাংশ পাসের হারের চেয়ে বেশি। তবে দেশের সব শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬২.২৫ শতাংশের তুলনায়ও উপজেলার ফলাফল উল্লেখযোগ্যভাবে ভালো।
ফলাফলে হরিরামপুর উচ্চ বিদ্যালয় ও সালেপুর আমিনখার হাট উচ্চ বিদ্যালয় শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। এছাড়া বিশ্বাসবাড়ী উচ্চ বিদ্যালয় ৯৪.৪৪ শতাংশ, নতুনডাঙ্গী উচ্চ বিদ্যালয় ৯১.৩০ শতাংশ এবং চর অযোধ্যা উচ্চ বিদ্যালয় ৯০ শতাংশ পাসের হার অর্জন করে সাফল্য দেখিয়েছে।
অন্যদিকে, মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ে পাসের হার ছিল ৫৯.০৯ শতাংশ, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৬৪.০৬ শতাংশ, চরহাজিগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৬৩.৬৪ শতাংশ এবং চর নটাখোলা উচ্চ বিদ্যালয়ে ৬৩.৮৯ শতাংশ পাসের হার অর্জিত হয়েছে।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে বিশ্বাসবাড়ী উচ্চ বিদ্যালয় শীর্ষে রয়েছে। প্রতিষ্ঠানটি থেকে সর্বোচ্চ ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৭ জন, চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, চর অযোধ্যা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন এবং মৌলভীরচর উচ্চ বিদ্যালয় ও চরহাজিগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে একজন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মো. মাকসুদুর রহমান স্বাক্ষরিত ফলাফলের সারসংক্ষেপে এ তথ্য জানানো হয়েছে। তিনি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।






















