মান্দায় ১.৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
নওগাঁর মান্দায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
১৬ জুলাই ২০২৬ তারিখে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর একটি দল মান্দা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, মান্দা থানাধীন সতিহাট ঋষিপাড়া গ্রামের এক মুদি দোকানদার দোকানদারির পাশাপাশি নিজ বাড়িতে গাঁজা সংরক্ষণ করে মাদক ব্যবসা করে আসছেন।
এর ভিত্তিতে রাত ৯টার দিকে অভিযানিক দল স্থানীয় লোকজনের উপস্থিতিতে শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামের জিতেন্দ্র নাথের (৪০) বাড়িতে তল্লাশি চালায়। এ সময় বাড়ির সিঁড়ির নিচে বিশেষ কায়দায় রাখা কালো পলিথিনে মোড়ানো ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
অভিযানে মাদক বিক্রিতে সহযোগিতার অভিযোগে জিতেন্দ্র নাথের স্ত্রী পলি রানী ঋষি (৩০)কেও গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের অনুসন্ধানে জানা যায়, জিতেন্দ্র নাথ প্রতি সপ্তাহে সীমান্তবর্তী এলাকা থেকে ২ থেকে ৩ কেজি গাঁজা ১৫ থেকে ১৬ হাজার টাকা দরে ক্রয় করে ১৮ থেকে ২৯ হাজার টাকা দরে বিক্রি করতেন বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
























