পানির অভাবে শুকাচ্ছে আমন,বন্ধ সেচ লাইসেন্স: নবাবগঞ্জ বিআরডিবি ও বরেন্দ্রর ষড়যন্ত্রে নিঃস্ব কৃষক!
দিনাজপুরের নবাবগঞ্জে অতিরিক্ত খরা ও প্রচণ্ড তাপদাহে ফেটে চৌচির হয়ে পড়েছে একের পর এক কৃষি জমি। গত প্রায় এক মাসেও এলাকায় পর্যাপ্ত বৃষ্টির দেখা মেলেনি। ফলে আমন ধান রোপণের পর পুরো মাঠ এখন পানিশূন্য। এমন সংকটময় পরিস্থিতিতে মাঠের ফসল বাঁচাতে যেখানে জরুরি ভিত্তিতে সেচ সুবিধা প্রয়োজন, সেখানে বিআরডিবি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) অদৃশ্য সিন্ডিকেটের চক্রান্তে সাধারণ কৃষকরা অগভীর সেচ লাইসেন্স পাচ্ছেন না। বরেন্দ্র কর্তৃপক্ষও তাদের বেশিরভাগ গভীর সেচ পাম্প (ডিটিডব্লিউ) নানা অজুহাতে বন্ধ রেখেছে। সব মিলিয়ে প্রকৃতির রূপ আর সরকারি এই দুই দপ্তরের ভেতরের লোকদের অনিয়মে চরম বিপাকে পড়েছেন স্থানীয় চাষিরা।
অনুসন্ধানে স্পষ্ট উঠে এসেছে, সাধারণ কৃষক যেন অগভীর সেচ লাইসেন্স পেয়ে নিজের পায়ে দাঁড়াতে না পারেন, তার পেছনে মূল কলকাঠি নাড়ছেন বিআরডিবি ও বরেন্দ্র অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা। কৃষকরা স্বাধীনভাবে সেচসুবিধা পেলে সরকারি দুই দপ্তরের কায়েমি স্বার্থ ও অবৈধ সুবিধা বন্ধ হয়ে যাবে—মূলত এই ভয় থেকেই তারা লাইসেন্স দেওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন।
ক্ষোভ প্রকাশ করে এক ভুক্তভোগী কৃষক বলেন, “গত প্রায় দেড় বছর ধরে এই উপজেলায় কোনো সেচ লাইসেন্স দেওয়া হচ্ছে না। সাবেক ইউএনও জিল্লুর রহমান সাহেব আমাদের আশ্বাস ও ধোঁয়াশা তৈরি করে গেছেন—লাইসেন্স দেওয়ার কথা বলেও দেননি। বৃষ্টিও নাই, আবার সেচও বন্ধ। দেখি বর্তমান ইউএনও স্যার কৃষকের জন্য কী করেন! ইউএনও স্যার যদি একটু উদ্যোগ নেন, তবে এই সংকট সহজেই সমাধান সম্ভব।”
অফিসের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে অপর এক প্রবীণ কৃষক আক্ষেপ করে বলেন, “অফিস চাইলে সামান্য সময়ের মাঝেই এই লাইসেন্স বুঝিয়ে দিতে পারে, কিন্তু তারা ইচ্ছা করেই দিবে না। আজ থেকে দেড় বছর আগেও আমরা দেখেছি—একবার সরজমিনে এসে জমি-কাগজপত্র আর এক পাম্প থেকে অন্য পাম্পের দূরত্ব ঠিকঠাক পেলেই লাইসেন্স হাতে পাওয়া যেত। আর এখন বিআরডিবি ও বরেন্দ্র অফিস মিলে এটাকে সোনার হরিণ বানিয়ে ফেলেছে! আমাদের একটাই আকুতি, আমরা সাধারণ কৃষক মানুষ, এত প্যাঁচ-গোছ বুঝিনা। বৃষ্টির অভাবে ধানের জমি শুকাইয়া গেছে, জমিতে পানি দরকার, ইউএনও স্যার যেন দয়া করে সেই সেচ ব্যবস্থার নির্দেশ দেন।”
এদিকে লাইসেন্স ঝুলিয়ে রেখে বারবার ‘ভিজিটে’ নামার পেছনে কৃষক শোষণের নতুন কৌশল সামনে এসেছে। আরেক কৃষক জানান, আবেদন করার পর তাকে ৩-৪ মাস পর পর অন্তত ৫ থেকে ৬ বার ভিজিটের মুখোমুখি হতে হয়েছে।
এই বারবার ভিজিটের আসল রহস্য ফাঁস করে পাশে থাকা অন্য এক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভিজিটের নামে যখন সরকারি লোক আসে, তখন সাথে এলাকার ৩-৪ জন চিহ্নিত দালালসহ মোট ৭-৮ জনের বহর নিয়ে আসে। জমিতে এসে মাপজোখ ও কাগজ চেক করার ভান করে কৃষককে পাশে ডেকে নিয়ে বলা হয়—‘চাচা, এতগুলো লোক আসলো, তাদের নাস্তা ও গাড়ির পেট্রোল খরচ দিতে হবে না?’ দালাল চক্রকে সাথে নিয়ে এসে নাস্তার নামে নগদ টাকা পকেটে পোড়াই হলো তাদের বারবার ভিজিট করার মূল উদ্দেশ্য।”
তখন ওই কৃষককে প্রশ্ন করা হয়েছিল, “সরাসরি টাকাটা আসলে চায় কে?” উত্তরে তিনি আক্ষেপ করে জানান, “অফিসের লোকেরাই তো বাইরের এসব দালালদের সঙ্গে করে নিয়ে আসে! মূল কাজটা তো সরকারি কর্মকর্তাদের ছত্রছায়ায় থাকা বজলুর মতো দালালদের দিয়েই করানো হয়। সরকারি লোক পেছনে থাকে আর সামনে রেখে টাকা আদায় করায় বহিরাগত দালালদের।”
কৃষকদের স্পষ্ট অভিযোগ, বিআরডিবি ও বরেন্দ্রর এই অসাধু চক্রটির কারসাজি এবং টাকা হাতিয়ে নেওয়ার খবরগুলো কৌশলে আড়াল করে রাখা হয়। তারা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) নানা বিভ্রান্তিকর তথ্য বুঝিয়ে নিজেদের ইচ্ছা অনুযায়ী ফাইল পরিচালনা করে।
খরার দাপটে মাঠের আমন ধান পুরোপুরি পুড়ে ছাই হওয়ার আগেই এই জিম্মিদশার অবসান চান কৃষকরা। বিআরডিবি ও বরেন্দ্র অফিসের কাল্পনিক দোহাই বা ষড়যন্ত না শুনে, বন্ধ পাম্পগুলো চালু করা এবং আটকে থাকা সেচ লাইসেন্স দ্রুত প্রদানে একমাত্র ইউএনও স্যারই পারেন ইতিবাচক পদক্ষেপ নিয়ে এই সংকটের সমাধান করতে—এমন আশাতেই চেয়ে আছেন নবাবগঞ্জের সর্বস্বান্ত চাষিরা।



























