আলভারেজের আশা ছেড়ে বিকল্প ফুটবলার লাউতারো মার্টিনেজ
অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা আপাতত স্থগিত করেছে বার্সেলোনা। দলবদলের শেষ সময়ের আগে এখন বিকল্প স্ট্রাইকারের সন্ধানে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। সম্ভাব্য তালিকায় রয়েছেন আরেক আর্জেন্টাইন তারকা ও ইন্টার মিলানের ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ।
ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলভারেজকে পুরোপুরি তালিকা থেকে বাদ দেয়নি বার্সেলোনা। পরিস্থিতি অনুকূলে থাকলে জানুয়ারির সংক্ষিপ্ত দলবদলেও তাকে দলে ভেড়ানোর চেষ্টা করতে পারে ক্লাবটি। তবে অ্যাতলেটিকোর অনড় অবস্থানের কারণে আপাতত বিকল্প খেলোয়াড় খুঁজছেন বার্সার ক্রীড়া পরিচালক দেকো।
বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকও একজন স্বীকৃত ‘নম্বর নাইন’ চান। রবার্ট লেভানডফস্কি ও ফেররান তোরেসের বিদায়ের পর আক্রমণভাগে নতুন স্ট্রাইকারের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তিনি।
ফ্লিক বলেন, ‘আমরা ওই খেলোয়াড়টির (স্ট্রাইকার) খোঁজ করছি এবং দেকো দারুণ কাজ করছে।’
তবে দেকোর মতে, লেভানডফস্কির বিকল্প খুঁজে পাওয়া কঠিন হলেও স্কোয়াডের অন্য খেলোয়াড়দের দিয়ে কিছুটা সমাধান করা সম্ভব।
এর আগে আলভারেজকে পেতে প্রায় ১০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। তবে সেটি প্রত্যাখ্যান করে অ্যাতলেটিকো। আলভারেজ নিজেও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। কিন্তু অ্যাতলেটিকো শুরু থেকেই তাকে বিক্রি না করার অবস্থানে রয়েছে। ফলে শেষ মুহূর্তে নাটকীয় কোনো পরিবর্তন না হলে চলতি দলবদলে আলভারেজের বার্সায় যাওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছে সংশ্লিষ্টরা।
বিকল্প হিসেবে রাফিনিয়া, করিম আদেয়েমি, অ্যান্থনি গর্ডন ও লামিনে ইয়ামালকে কেন্দ্রীয় ফরোয়ার্ড হিসেবে খেলানোর কথা ভাবছে বার্সা। ফারমিন লোপেজ ও দানি ওলমোও প্রয়োজনে ‘ফলস নাইন’ হিসেবে খেলতে পারেন।
প্রাক-মৌসুমে দলের একমাত্র স্বাভাবিক স্ট্রাইকার হিসেবে রয়েছেন ১৮ বছর বয়সী মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। জোয়ান গাম্পার ট্রফিতে আল আহলির বিপক্ষে বার্সার জয়ে গোল করে প্রাক-মৌসুমে নিজের গোলসংখ্যা চার করেছেন তিনি।
এদিকে চেলসির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো এবং বোর্নমাউথের ফরাসি তরুণ জুনিয়র কুপ্রির ব্যাপারেও খোঁজ নিয়েছিল বার্সেলোনা। তবে পেদ্রো চেলসির সঙ্গে নতুন চুক্তি করেছেন, আর চোটের কারণে কুপ্রি কয়েক মাস মাঠের বাইরে থাকবেন।
সাম্প্রতিক সময়ে ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ ও স্পোর্টিং সিপির লুইস সুয়ারেজের নামও বার্সার সঙ্গে জড়িয়েছে। তবে দুজনের সম্ভাব্য ট্রান্সফার ফিই এখনো বার্সার আর্থিক সামর্থ্যের বাইরে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি ভিয়ারিয়ালের আয়োজে পেরেজ ও জর্জেস মিকাউতাদজেকেও নজরে রেখেছে কাতালান ক্লাবটি।



























