ভারত সফরের সময় বাংলাদেশ নিয়েও পরিকল্পনা রয়েছে ব্রাজিলের
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। ভারত সফরের সময় বাংলাদেশ নিয়েও পরিকল্পনা রয়েছে ব্রাজিলের। এরই অংশ হিসেবে রোববার (২৩ আগস্ট) আকস্মিকভাবে ঢাকায় আসে ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
ঢাকায় এসে তারা জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনা পরিদর্শন করেন। পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফা উইন্ডো। এই সময়ে একটি জাতীয় দল সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারে। ব্রাজিল ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলার পর ৩ অক্টোবর ভারতের বিপক্ষে মাঠে নামবে।
ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ফিফা উইন্ডোর শেষ দিন ৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী ব্রাজিল। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ব্রাজিলের প্রতিনিধি দল বা বাফুফে।
তবে বাংলাদেশের সামনে রয়েছে সূচিগত জটিলতা। সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ফিফা-তত্ত্বাবধানে আসিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। টুর্নামেন্টটি ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে। গ্রুপ পর্বের তিন ম্যাচের পাশাপাশি স্থান নির্ধারণী ম্যাচ খেললে বাংলাদেশের চারটি ম্যাচ হয়ে যাবে।
এ অবস্থায় ৪ অক্টোবর টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ দলের ৩ অক্টোবর রাত কিংবা ৪ অক্টোবর দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। ফলে মাত্র দুই দিনের ব্যবধানে ৬ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলা কঠিন হয়ে পড়তে পারে।
এ ছাড়া ফিফা উইন্ডোতে সর্বোচ্চ চার ম্যাচ খেলার নিয়মের কারণে আসিয়ান কাপে বাংলাদেশের চার ম্যাচ হয়ে গেলে ৬ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ফিফার স্বীকৃতি পাবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। ফলে বিষয়টি নিয়ে বাফুফেকে বেশ কিছু হিসাব-নিকাশ করতে হচ্ছে।
বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বাংলাদেশে নিয়ে আসা অবশ্যই ব্যয়বহুল। তবে কলকাতায় ম্যাচ খেলার কারণে ব্যয় অনেকটাই কমতে পারে। জানা গেছে, ব্রাজিলের প্রায় ৯০ সদস্যের কন্টিনজেন্টকে কলকাতা থেকে ঢাকায় এবং পরে ঢাকা থেকে দুবাই চার্টার্ড ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করতে হতে পারে। এর সঙ্গে থাকবে অন্যান্য আনুষঙ্গিক ব্যয়। তবে ব্রাজিল থেকে সরাসরি বাংলাদেশে দল আনার তুলনায় এই খরচ অনেক কম হওয়ার কথা।
এদিকে ভারতের সংবাদমাধ্যমে গত কয়েকদিন ধরে কলকাতার সল্টলেকের মাঠ ও পরিবেশ নিয়ে ব্রাজিল দলের অসন্তোষের খবর প্রকাশিত হয়েছে। এ কারণেই ব্রাজিলের প্রতিনিধি দল ঢাকায় এসেছে কি না, তা নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছিল। তবে সল্টলেকের ভেন্যু নিয়ে অসন্তোষ থাকলেও সেখানে ৩ অক্টোবর ম্যাচটি কীভাবে হবে—এ নিয়েও প্রশ্ন উঠেছে।
এরই মধ্যে ঢাকায় ব্রাজিলের প্রতিনিধি দলের আকস্মিক সফর নতুন করে ইঙ্গিত দিচ্ছে, ভারত সফরের পাশাপাশি বাংলাদেশ নিয়েও আলাদা পরিকল্পনা করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ শেষ পর্যন্ত হবে কি না, তা নির্ভর করছে সূচি, ফিফার স্বীকৃতি এবং আর্থিকসহ নানা বিষয়ের ওপর।



























