বিশেষ কায়দায় অটোরিকশার চেম্বারে ১৯ লাখ টাকার ফেনসিডিল সহ তরুণ আটক
নেত্রকোনার দুর্গাপুরে অটোরিকশার গোপন চেম্বার থেকে ৪৮০ বোতল ফেনসিডিলসহ হৃদয় (২২) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।আজ ২৬ আগস্ট বুধবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হৃদয় দুর্গাপুর উপজেলার মার্কাসমোড় এলাকার আবুল মিয়ার ছেলে।
উক্ত অভিযানের ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে পুলিশ সদস্যরা জানায়, গত রাত্রে ঝানজাইল নাইট চেকপোস্টের দায়িত্বপালন শেষে সকালের দিকে থানায় ফেরার পথে শিমুলতলী এলাকায় দ্রুত গতিতে চলমান একটি অটোরিকশা সহ আরোহী যুবককে দেখে পুলিশের সন্দেহ হয় এবং পরবর্তী উক্ত অটোরিকশাটি
ধাওয়া করে আটক করা হয়। পুলিশের গাড়ি থামা মাত্রই অটোরিকশা রেখেই পালানোর চেষ্টা করেন হৃদয়। পরে এসআই (নিঃ) মো. মহিবুর রহমানের সাথে থাকা ফোর্স নিয়ে তাকে ধাওয়া করে আটক করেন এবং উক্ত পরিবহনের
গোপন চেম্বার থেকে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে বিভিন্ন স্থানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।এই সফল অভিযানটি পরিচালিত হয়, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে।
উদ্ধারকৃত মাদক ও অটোরিকশাসহ আটক যুবককে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
জেলা পুলিশ জানায়, নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।

























