প্রথমবার মাঠে গড়াচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ
প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) টি-টোয়েন্টি। আগামী ২৭ ডিসেম্বর থেকে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।
প্রথম আসরের জন্য এখন পর্যন্ত তিনটি দলের নাম ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দুবাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উন্মোচন করা হয় তিন ফ্র্যাঞ্চাইজির নাম ও পরিচয়। দলগুলো হলো—অ্যাক্সেল ইউনাইটেড কাবুল, বালখ জওয়ানান ও কান্দাহার ওয়ারিয়র্স।
একই অনুষ্ঠানে টুর্নামেন্টের ট্রফিও উন্মোচন করা হয়। ট্রফিটির নাম দেওয়া হয়েছে ‘কোহ-ই-জাফর’।
এপিএলের প্রথম আসরের খেলোয়াড় নিবন্ধন শুরু হবে আগামী ৩০ আগস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড় ড্রাফট। তবে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ও ভেন্যু এখনো চূড়ান্ত করেনি এসিবি।
আফগান ক্রিকেটের জন্য এ লিগকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন এসিবি চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ। তিনি বলেন, ‘আজ আফগান ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক দিন। আমাদের প্রথম ফ্র্যাঞ্চাইজিগুলো এবং কোহ-ই-জাফর ট্রফির উন্মোচন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এটি একটি শক্তিশালী লিগ গড়ে তোলার আমাদের অভিন্ন লক্ষ্যকে প্রতিফলিত করে।’
পাঁচ দলের পরিকল্পনা
এর আগে এপিএলের প্রথম আসর পাঁচ দলের করার পরিকল্পনার কথা জানিয়েছিল এসিবি। তখন পাক্তিয়া ও নানগারহার প্রতিনিধিত্বকারী আরও দুটি ফ্র্যাঞ্চাইজির নামও আলোচনায় ছিল।
তবে এখনো ওই দুই দলের বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসেনি। বাকি দুটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে এসিবি আলোচনা চালিয়ে যাচ্ছে।























