নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর
চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে তালাত মাহমুদ শুভ (১৯) এবং একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (১৯)।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনে বাড়ির উদ্দেশে রওনা হন শুভ ও ওমর। তারা দুজন বন্ধু। পড়াশোনার পাশাপাশি স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে চাকরি করতেন।
রাত সাড়ে ১০টার দিকে তারা মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শুভ নিহত হন। গুরুতর আহত ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, শুভ ও ওমর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। নতুন মোটরসাইকেল কিনতে শুক্রবার তারা একসঙ্গে বারৈয়ারহাটে গিয়েছিলেন। মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়।
এ ঘটনায় মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া ও ফকিরপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই তরুণের অকালমৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ নামের একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অপরজনের বিষয়ে তখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলসহ সংশ্লিষ্ট এলাকায় পুলিশের সদস্য পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি হলে দুর্ঘটনার বিস্তারিত জানা যাবে।























