তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় মানববন্ধন
সামছুল হক, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা, নদীভাঙন, আকস্মিক বন্যা, শুষ্ক মৌসুমে পানির সংকট এবং জীবিকা নির্বাহের অনিশ্চয়তার স্থায়ী সমাধানের দাবিতে রংপুরের গঙ্গাচড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) উপজেলার মহিপুর ব্রিজ থেকে বুড়িরহাট পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে তিস্তা পাড়ের বিভিন্ন এলাকার হাজারো মানুষ, সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রংপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মো. রায়হান সিরাজী বলেন, “তিস্তা মহাপরিকল্পনা এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি। প্রয়োজনে নিজস্ব অর্থায়নে হলেও এ মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নের এখনই সময়। তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবে এ প্রকল্পের কোনো বিকল্প নেই।
মানববন্ধনের সভাপতি জনাব নায়েবুজ্জামান বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের ন্যায্য দাবি। দ্রুত সময়ের মধ্যে এ মহাপরিকল্পনার কাজ শুরু না হলে আমরা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।” তিনি তিস্তা অববাহিকার সর্বস্তরের মানুষকে এ আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, তিস্তা অববাহিকার লাখো মানুষ বছরের পর বছর নদীভাঙন, আকস্মিক বন্যা, শুষ্ক মৌসুমে পানির সংকট এবং কৃষি উৎপাদনে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। বারবার আশ্বাস দেওয়া হলেও এখনো তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন না হওয়ায় এ অঞ্চলের মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।
বক্তারা আরও বলেন, তিস্তা নদীর পানিবণ্টনে এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। কৃষি ও সেচের জন্য যখন পানির সবচেয়ে বেশি প্রয়োজন হয়, তখন উজান থেকে পর্যাপ্ত পানি পাওয়া যায় না। আবার বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় তিস্তা অববাহিকায় আকস্মিক বন্যা দেখা দেয়। এতে নদীভাঙন তীব্র আকার ধারণ করে, ফসলি জমি, ঘরবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েন।
বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীভাঙন নিয়ন্ত্রণ, বন্যা ব্যবস্থাপনা, সেচ সুবিধার সম্প্রসারণ, কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং তিস্তা পাড়ের মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত হবে। তাই আর কোনো বিলম্ব না করে দ্রুত এ মহাপরিকল্পনার কাজ শুরু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সামছুল হক
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি






















