শিশু আসমা ধর্ষণ-হত্যা মামলায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড
নোয়াখালীর চাটখিল উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় তার চাচাতো ভাই শাহাদাত হোসেনকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে নোয়াখালীর বিশেষ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাবুল হোসেনের ছেলে। নিহত শিশুটি তার চাচাতো বোন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সেলিম শাহী রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২৪ মার্চ দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশুটি। ঘটনার নয় দিন পর আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তদন্ত চলাকালে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শাহাদাত হোসেন ধর্ষণের পর পরিচয় ফাঁস হওয়ার আশঙ্কায় শিশুটিকে হত্যা করার কথা স্বীকার করেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ২০২২ সালের ৬ এপ্রিল নিহত শিশুর বাবা মাওলানা শাহজাহান চাটখিল থানায় শাহাদাত হোসেনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড ও জরিমানার আদেশ দেন।
























