স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং ২০২৭ সালের অক্টোবরের মধ্যে সব ধাপের নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি রোডম্যাপ তৈরির কাজ করছে।
ব্রিফিংয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, গত জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার বিষয়ে জনগণের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খাদ্য নিরাপত্তার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, খাদ্য উৎপাদন ও সংরক্ষণের বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের খাদ্য ব্যবসায়ীদের তথ্যভাণ্ডার তৈরি করা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের সচেতন করার উদ্যোগের পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা রোধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্তের আশ্বাস দিয়ে তিনি বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটক করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কটূক্তির প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, এ ধরনের মন্তব্য অত্যন্ত মর্মান্তিক। তবে বর্তমান আইনি কাঠামো অনুযায়ী তা অপরাধ হিসেবে গণ্য হয় না। ভবিষ্যতে এসব মন্তব্যকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হবে কি না, সে বিষয়ে আলোচনা হতে পারে।
নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগের নেতাদের বিষয়ে তিনি বলেন, ভারতে অবস্থান করে যারা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছেন, তাদের অনেকের বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি রয়েছে। তবে তাদের কার্যকরভাবে কিছু করার সক্ষমতা আছে বলে সরকার মনে করে না।

























