পাহাড় ধসের শঙ্কায় সাময়িক বন্ধ সাজেক ভ্যালি
পাহাড় ধসের আশঙ্কায় জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
জেলা প্রশাসন জানায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাস এবং রাঙামাটিতে টানা ভারী বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে ভূমিধস ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাশাপাশি পাহাড়ি ঢলে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
এ পরিস্থিতিতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে সাজেকের সব পর্যটন স্পট, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের প্রবেশ ও ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে জেলার সর্বত্র চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এদিকে মঙ্গলবার রাত ৯টার দিকে পাহাড় ধসে বাঘাইছড়ি–সাজেক সড়ক যোগাযোগও বন্ধ হয়ে যায়। সড়ক থেকে ধসে পড়া মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মীরা কাজ করছেন।
জেলা প্রশাসন জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি এবং ঝুঁকি কেটে গেলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।























