শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
জুলাই জাদুঘরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগিরই জাদুঘরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
শুক্রবার (১০ জুলাই) কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই জাদুঘরের কমিটির কার্যক্রম কিছুটা এলোমেলো ছিল। বর্তমানে নতুন করে কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে সংসদে সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুত সংবাদ সম্মেলনের মাধ্যমে জুলাই জাদুঘরের উদ্বোধনের তারিখসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় জানানো হবে।
তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকার দেশের সাংস্কৃতিক নিদর্শনের ক্ষতি করেছে। গত ১৮ থেকে ২০ বছরে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের মতামতের মূল্যায়ন করা হয়নি এবং নির্বাচনের নামে প্রহসন হয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি ব্যাংক ও বীমা খাতে ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে বলেও অভিযোগ করেন মন্ত্রী।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করছে।
পরিদর্শনকালে তিনি কুমিল্লার ময়নামতি জাদুঘরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং শালবন বিহার ঘুরে দেখেন।
এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















