অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: মামনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বলেছেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব গ্রহণযোগ্য নয়।
শনিবার (১৮ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে মামুনুল হক বলেন, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে টালবাহানা করা উচিত নয়। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত গণভোটের রায় কার্যকর করতে হবে।
তিনি আরও বলেন, “এ দেশ ভারতীয় প্রেসক্রিপশনে চলবে না। দেশের জনগণ কোনো ধরনের ভারতীয় আধিপত্য মেনে নেবে না।”
সমাবেশ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মামুনুল হক বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া বর্তমান সংসদ পরিচালনা করা উচিত নয়। তিনি দাবি করেন, দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নেওয়া হলে তাদের দল আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে এর রাজনৈতিক পরিণতি মোকাবিলা করতে হবে।
এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শারাফাত হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী এবং বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
অনুষ্ঠানে মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহসহ বিভিন্ন জেলার খেলাফত মজলিসের নেতারা উপস্থিত ছিলেন। ছাত্র সংগঠনের পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মুহাম্মদ শাহরিয়ার আলম।
সমাবেশে জেলা ও উপজেলার নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং সমর্থকদের অংশগ্রহণে কর্মসূচি শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।























