শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের অভিযোগে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে পৌঁছেছে। প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ মোট ৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, তদন্ত সংস্থা ইতোমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে এবং তা বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। আগামী ২১ জুলাই তদন্ত প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। মামলার অগ্রগতি নিয়ে শিগগিরই প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে বলেও জানান তিনি।
তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের তালিকায় একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা, সাংবাদিক শাহরিয়ার কবীর এবং তৎকালীন পুলিশপ্রধান, র্যাব মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের নামও রয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, তদন্তে এখন পর্যন্ত শুধু ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তদন্ত এখনো চূড়ান্ত পর্যায়ে থাকায় নিহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে মামলার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদের নেতৃত্বে ১০ থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল রোববার সকালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ সংগঠনটির অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম ১৩ দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে সমাবেশস্থল খালি করা হয়। ওই ঘটনায় বহু মানুষের হতাহত হওয়ার অভিযোগের বিষয়ে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।























